শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে মায়ের বুকের দুধ খাওয়ার পর শ্বাসনালীতে তা আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ এই বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

শনিবার (২৭ জুন) ভোরে জীবননগর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়ায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মেঘলা ঘোষ ওই এলাকার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে মা সরস্বতী ঘোষ শিশু মেঘলাকে বুকের দুধ খাইয়ে বিছানায় ঘুম পাড়িয়ে দেন। পরে ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে মেয়েকে আদর করতে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক ও ঠান্ডা মনে হয়। ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, শিশুটির মুখমণ্ডল কালচে বর্ণ ধারণ করেছে এবং হাত-পা সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়েছে। এ অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম জানান, ভোরে তিন মাস বয়সী এক কন্যাসন্তানকে হাসপাতালে আনা হয়েছিল। তবে পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর অন্তত ১ থেকে ২ ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, দুধ খাওয়ানোর পর তা শ্বাসনালীতে আটকে (অ্যাসপিরেশন) শ্বাসরোধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

ওসি বলেন, “শ্বাসনালীতে দুধ আটকে এক শিশু কন্যার মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অসাবধানতাবশত ঘটেছে বলে মনে হচ্ছে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলাসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

—জা. অর্থনীতি/এলএটি