চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে টানা পাঁচ দিন নিখোঁজ থাকার পর মামুন হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উথলী গ্রামের একটি পুকুরপাড়ের আমগাছ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মামুন হোসেন উথলী গ্রামের আখসেন্টারপাড়ার আনসার আলীর ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি মামুন। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং অনিয়মিতভাবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ দুপুরে স্থানীয় লোকজন পুকুরপাড়ের আমগাছে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে গাছের ডাল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামত দেখে এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
—জা. অর্থনীতি/এলএটি