আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯
ছবি: জাতীয় অর্থনীতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় হাতকড়াসহ পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সিদ্দিকসহ (৭০) মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে পলাতক প্রধান আসামি আবু সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ ও ঘটনার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত আড়াইটার দিকে দর্শনা থানার চন্ডিপুর গ্রামের একটি পূজামণ্ডপের সামনে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক অবস্থানের খবর পায় পুলিশ। সংবাদ পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মোল্লা আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে চন্ডিপুর গ্রামের মৃত তরিবত মণ্ডলের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু সিদ্দিককে আটক করে।

আটকের পরপরই স্থানীয় একদল নারী-পুরুষ সংগঠিত হয়ে পুলিশের ওপর আকস্মিক হামলা চালায় এবং হাতকড়াসহ আবু সিদ্দিককে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর রাতেই পুলিশ গ্রামে চিরুনি অভিযান চালিয়ে আসামি ছিনতাই ও সরকারি কাজে বাধাদানের অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়, যাতে পলাতক আবু সিদ্দিককেও আসামি করা হয়।

গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন- চণ্ডীপুর গ্রামের লক্ষণ (৩৮), ফিরোজ হোসেন (১৯), ফরহাদ হোসেন (১৯), সোনালী হালদার (৩০), কনা রানী (২৫), নাসিমা বেগম (৪০), আলম বাদশা (৫৫) এবং ফুলন হালদার (৩২)।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়েরের পর প্রধান আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।  

—জা. অর্থনীতি/এলএটি