নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: গার্মেন্টসসহ দেশের সব শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও তা অবিলম্বে কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে শ্রম আইন সংস্কার এবং শ্রমজীবী মানুষের জন্য সরকারি উদ্যোগে সুলভ মূল্যে রেশন ব্যবস্থা চালুর জোর দাবি জানিয়েছে দলটি।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিনেমা প্যালেস চত্বরে সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়।
সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং জেলা কমিটির সদস্য জামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জ্যেষ্ঠ শ্রমিক নেতা মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, শ্রমিক নেতা ফজলুল কবির মিন্টু এবং ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, "শ্রমিক ও কর্মজীবী মানুষ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও তাঁরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বাজারে নিত্যপণ্যের দাম হু-হু করে বাড়লেও সেই অনুপাতে শ্রমিকদের মজুরি বাড়ানো হচ্ছে না। চাল, ডাল, তেলসহ দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যে শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের জীবনধারণ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।"
নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান আকাশচুম্বী বাজারদরের সঙ্গে সংগতি রেখে পরিবার-পরিজন নিয়ে ন্যূনতম সম্মানজনক জীবনযাপনের জন্য একজন শ্রমিকের মাসিক মৌলিক মজুরি কমপক্ষে ৩০ হাজার টাকা হওয়া আবশ্যক। তৈরি পোশাকশিল্পসহ দেশের কোনো শিল্প খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত না করে জাতীয় টেকসই অর্থনৈতিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।
সমাবেশ থেকে অবিলম্বে শ্রম আইন সংস্কার, শ্রমজীবী শ্রেণির জন্য সর্বজনীন সরকারি রেশন ব্যবস্থা চালু এবং সব খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা পুনর্নির্ধারণের জোর দাবি জানানো হয়। এসব ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে শ্রমিক সমাজকে সঙ্গে নিয়ে চট্টগ্রামসহ সারা দেশে আরও কঠোর ও ব্যাপক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন সিপিবি নেতারা।
—জা. অর্থনীতি/এলএটি
