সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটির দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং ঐতিহাসিক পানাম নগরে দর্শনার্থীদের ভিড় বেড়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল থেকেই দুটি দর্শনীয় স্থানে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ও লোকজ ঐতিহ্যের নিদর্শন ঘুরে দেখেন দর্শনার্থীরা।
প্রাচীন বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে এবং অবসর সময় কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে আসেন অনেকে।
এ সময় পানাম নগরের প্রাচীন ভবন, অলংকৃত দরজা-জানালা, নান্দনিক কারুকাজ ও সরু সড়ক ঘুরে দেখেন তারা। অনেকে ছবি তুলে স্মৃতি ধরে রাখেন।
এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পানাম সিটি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উল্লেক্য, ঐতিহাসিক পানাম নগরের প্রাচীন ভবনগুলো একসময়ের সমৃদ্ধ নগরজীবন ও বাণিজ্যিক ঐতিহ্যের স্মৃতি বহন করছে। আর বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ দুই স্থানই সোনারগাঁয়ের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত।
পানাম নগরের সহকারী কাস্টোডিয়ান মো. তানজিলুর রহমান বলেন, সাপ্তাহিক ছুটির পাশাপাশি সরকারি ছুটির দিনগুলোতে পানাম নগরে দর্শনার্থীর সংখ্যা বেশি দেখা যায়।
—জা.অর্থনীতি/এনজে
