সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাইয়ের পরিবারে নতুন ৪ অতিথি
ছবি: জাতীয় অর্থনীতি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে যোগ হয়েছে নতুন চার অতিথি। প্রায় দেড় মাস আগে পার্কের কোর সাফারি এলাকায় বিলুপ্তপ্রায় এই কৃষ্ণসার বা হরিণ প্রজাতির বন্যপ্রাণী নীলগাইয়ের চার ফুটফুটে শাবকের জন্ম হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সাফারি পার্ক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে চারটি নতুন নীলগাই শাবক জন্মের সুসংবাদটি নিশ্চিত করে।

বর্তমানে মায়ের ছায়ায় খুনসুটি আর বনের ভেতর ছোটাছুটিতে সময় কাটছে তাদের। সদ্যোজাত শাবকগুলোর বিচরণে পার্কের পরিবেশে যেমন অতিরিক্ত প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে, তেমনি এদের দেখা পেয়ে পার্কে আসা দর্শনার্থী ও শিশুদের আনন্দে নতুন মাত্রা যোগ হয়েছে।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ জানান, প্রায় দেড় মাস আগে কোর সাফারির হরিণ সাফারি এলাকায় দায়িত্বরত কর্মচারীরা নীলগাইয়ের সঙ্গে চারটি নতুন শাবককে প্রথম বিচরণরত অবস্থায় দেখতে পান। তবে সদ্য জন্ম নেওয়া শাবকগুলোর নিরাপত্তার সার্বিক দিক বিবেচনা করে তখন বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়নি।

কর্তৃপক্ষ জানায়, শাবক চারটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং নিয়মিত মায়ের দুধ পান করছে। তবে নিরাপত্তার খাতিরে খুব কাছে না যাওয়ায় এগুলো পুরুষ নাকি মাদী শাবক—তা এখনো শনাক্ত বা লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। সর্বক্ষণ নজরদারির জন্য হরিণ সাফারি এলাকায় বিশেষ পরিচর্যা ও তদারকির ব্যবস্থা করা হয়েছে। সামান্য মানুষের উপস্থিতি টের পেলেই মা নীলগাই তার শাবকদের নিয়ে সতর্ক অবস্থায় বনের গহীনে চলে যায়।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক রহমান জানান, বিভিন্ন সময় দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করে আনা নীলগাইগুলোকে গাজীপুর সাফারি পার্কে প্রজনন ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

নতুন চারটি শাবক জন্মের আগে পার্কে মোট ১১টি নীলগাই ছিল, যার মধ্যে ২টি নীলগাই সম্প্রতি কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে স্থানান্তর করা হয়। ফলে পার্কে ৯টি নীলগাই বিদ্যমান ছিল। নতুন জন্ম নেওয়া ৪টি শাবকসহ বর্তমানে গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।

—জা.অর্থনীতি/এনজে