আন্দোলন শেষে শান্তিপূর্ণভাবে কাজে ফিরলেন শ্রমিকেরা
ছবি: জাতীয় অর্থনীতি

গাজীপুর প্রতিনিধি: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা কয়েক দিনের চরম অসন্তোষ, সংঘর্ষ ও সড়ক অবরোধের পর অবশেষে গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরেছে স্বাভাবিক ও শান্ত পরিবেশ। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, বোর্ড বাজার ও কালিয়াকৈরসহ বিভিন্ন শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকেরা। সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোর কোথাও কোনো অবরোধ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ এবং গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, কাশিমপুর ও সালনা এলাকার পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। শ্রমিকেরা নিরাপদে নিজ নিজ কারখানায় প্রবেশ করেন এবং নির্ধারিত সময়ে উৎপাদন কাজ শুরু হয়। তবে কালিয়াকৈর, কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার অল্প কিছু কারখানায় সার্বিক পরিবেশ মূল্যায়নে নিরাপত্তার স্বার্থে আজও সাধারণ ছুটি বহাল রাখা হয়েছে।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর ২৫টি প্লাটুন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে।

নিরাপত্তা টিমে ১২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ), ৫ প্লাটুন আনসার এবং ৮ প্লাটুন এসআরবি (স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়ন) সদস্য কালিয়াকৈর, কোনাবাড়ী, ভোগড়া বাইপাসসহ মহাসড়কের কৌশলগত পয়েন্টগুলোতে টহল ও কড়া পাহারা জোরদার রেখেছেন।

পরিস্থিতির বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গত কয়েক দিনের উত্তপ্ত পরিস্থিতির পর বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চল সম্পূর্ণ শান্ত রয়েছে। শ্রমিকেরা কোনোপ্রকার বিশৃঙ্খলা ছাড়াই কারখানায় ফিরে উৎপাদন কাজে অংশ নিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, শিল্পাঞ্চলে স্থায়ী শান্তি বজায় রাখতে এবং যেকোনো ধরনের উসকানি বা অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও যৌথ বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। যৌথ বাহিনীর এই কঠোর ও সতর্ক অবস্থানের কারণে বর্তমানে শিল্পাঞ্চলের শিল্প উৎপাদন ব্যবস্থা ও ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি