আন্তর্জাতিক ডেস্ক: চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে আগামী মঙ্গলবার থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে পরবর্তী দফার ত্রিপক্ষীয় আলোচনা শুরু হতে যাচ্ছে। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আলোচনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে। রুশ গণমাধ্যমের খবর অনুযায়ী, দুদিনব্যাপী এই গুরুত্বপূর্ণ আলোচনা মঙ্গলবার শুরু হয়ে বুধবার পর্যন্ত চলবে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে পুতিন এই আলোচনার প্রস্তুতি নিয়ে কথা বলেন। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তির বরাত দিয়ে পুতিন জানান, যেহেতু মঙ্গলবার ত্রিপক্ষীয় এই আলোচনাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই যারা এই আলোচনায় রাশিয়ার হয়ে অংশগ্রহণ করবেন তাদের তিনি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ক্রেমলিনের পক্ষ থেকেও এই শান্তি আলোচনায় রুশ প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তা পরিষদের ওই প্রস্তুতিমূলক বৈঠকে ভ্লাদিমির মেদিনস্কি, ইগর কোস্তিউকভ, ইউরি উশাকভ, মিখাইল গালুজিন এবং সের্গেই রিয়াবকভ উপস্থিত ছিলেন বলে বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আবুধাবিতে অনুষ্ঠেয় এই ত্রিপক্ষীয় আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পুতিনের প্রেসিডেন্ট বিষয়ক সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি।
এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনার মূল লক্ষ্যগুলো সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তিনি জানান, ত্রিপক্ষীয় এই বৈঠকে অংশগ্রহণকারী পক্ষগুলো মূলত নিরাপত্তা নিশ্চিতকরণ, সংঘাত বা উত্তেজনা হ্রাস, চলমান মানবিক সংকট নিরসন এবং একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাব্য পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করবে। এই আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনের পথে নতুন কোনো রূপরেখা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জেএ/অভি
