পাকিস্তানের কিনজা হাশমিই কি শাকিবের নতুন নায়িকা?

জাতীয় অর্থনীতি বিনোদন: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি ‘মহব্বত’-এ পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমির অভিনয় নিয়ে সিনেমাপাড়ায় চলছে ব্যাপক কৌতূহল। নানা জল্পনা পেরিয়ে অবশেষে গুঞ্জন উঠেছে, শাকিবের বিপরীতে চূড়ান্ত হয়েছেন এই পাকিস্তানি তারকা।

২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘মহব্বত’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া। এর আগে হানিয়া আমিরের নাম শোনা গেলেও, সূত্র বলছে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শাকিবের নতুন নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন কিনজা।

ইতোমধ্যে তার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে এখনই কিছু প্রকাশ করেনি। জমকালো আয়োজনের মাধ্যমে নায়িকার নাম ঘোষণার পরিকল্পনা রয়েছে তাদের।

শাকিব খানের ক্যারিয়ারে এর আগেও কলকাতার ইধিকা পাল কিংবা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফির মতো বিদেশি নায়িকারা সফলভাবে কাজ করেছেন। এবার সেই তালিকায় পাকিস্তানি জনপ্রিয় মুখ কিনজা হাশমির অন্তর্ভুক্তি ঢাকাই সিনেমায় নতুন মাত্রা যোগ করতে চলেছে। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

জা. অর্থনীতি/এআর