২৮ বছর ধরে হেঁটে বিশ্বভ্রমণ, অবশেষে মায়ের কোলে ফিরলেন অভিযাত্রী!

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা, দুর্গম পথ আর অসংখ্য প্রতিকূলতা পেরিয়ে অবশেষে মায়ের কাছে ফিরেছেন ব্রিটিশ অভিযাত্রী কার্ল বুশবি। কোনো মোটরচালিত যান ব্যবহার না করে হেঁটে প্রায় ৫০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্বভ্রমণের ব্যতিক্রমী অভিযান শেষ করেছেন ৫৭ বছর বয়সী এই অভিযাত্রী।

গত সোমবার (২ নভেম্বর) ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর হালে নিজের শৈশবের বাড়িতে পৌঁছান তিনি। বাড়িতে ফেরার পর মা অ্যাঞ্জেলা বুশবি ছেলেকে জড়িয়ে ধরে স্বাগত জানান। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন শত শত মানুষ।

১৯৯৮ সালের নভেম্বরে দক্ষিণ চিলির পুন্তা আরেনাস থেকে শুরু হয়েছিল বুশবির এই যাত্রা। ‘গলিয়াথ এক্সপেডিশন’ নামের অভিযানে তার লক্ষ্য ছিল স্থল ও জলপথ অতিক্রম করে হেঁটে নিজ শহরে ফেরা। মাত্র একটি তাঁবু, কয়েক শ ডলার ও একটি সস্তা প্লাস্টিকের ক্যামেরা নিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি।

অভিযানের পথে উত্তর ও দক্ষিণ আমেরিকা পাড়ি দিয়ে আলাস্কা থেকে বেরিং প্রণালির বরফঢাকা পথ ধরে রাশিয়ায় প্রবেশ করেন বুশবি। পরে মঙ্গোলিয়া ও চীন হয়ে ইউরোপে পৌঁছান। সাঁতরে অতিক্রম করেন কাস্পিয়ান সাগরও।

তবে ডারিয়েন গ্যাপের দুর্গম জঙ্গল, রাশিয়ায় আটক হওয়া, ভিসা জটিলতা ও অর্থসংকটসহ নানা বাধার মুখে পড়তে হয়েছে তাকে। ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় পৃষ্ঠপোষক হারানোয় দীর্ঘ হয় অভিযান। ১২ বছরে যাত্রা শেষ করার পরিকল্পনা থাকলেও সময় লাগে ২৮ বছর।

গত মাসে ইংলিশ চ্যানেল সাঁতরে অতিক্রম করে শেষ বড় বাধা পেরিয়ে যান তিনি। বুশবি বলেন, এই অভিযানে পুরো পৃথিবীর মানুষের সহযোগিতা পেয়েছেন তিনি। তার মতে, এটি একার অর্জন নয়; পৃথিবীই ছিল তার সঙ্গী।

তার এই অভিযান নিয়ে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলছে। পাশাপাশি ইংল্যান্ডের বিভিন্ন স্থানে বক্তৃতা সফরেও অংশ নেবেন তিনি।

জা.অর্থনীতি/এসআই