জাতীয় অর্থনীতি বিনোদন: টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে যাত্রা শুরু করে আজ ১৩ হাজার কোটি টাকার বিশাল সাম্রাজ্যের মালিক হয়েছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়ার ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি বা ১৩ হাজার ৬০০ কোটি টাকা।
দিল্লির এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া শাহরুখের শিক্ষাজীবন কেটেছে সেন্ট কলম্বাস স্কুল ও হংসরাজ কলেজে। জামিয়া মিলিয়া ইসলামিয়ায় গণযোগাযোগে পড়াশোনা শুরু করলেও অভিনয়ের টানে তা আর শেষ করেননি।
১৯৯১ সালে মুম্বাইয়ে এসে পরের বছর ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। নব্বইয়ের দশকে উপহার দেন একের পর এক ব্লকবাস্টার সিনেমা।
নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি ছবির লভ্যাংশ নেওয়ার কৌশল তাঁর আয় বহুগুণ বাড়িয়ে দেয়। ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার বক্স অফিস সাফল্য তাঁর এই ব্যবসাসফল বুদ্ধিমত্তার বড় প্রমাণ।
ব্যবসার জগতে তাঁর প্রথম বড় পদক্ষেপ ছিল ১৯৯৯ সালে গড়া প্রযোজনা প্রতিষ্ঠান ‘ড্রিমজ আনলিমিটেড’। প্রথমদিকে কিছু সিনেমা ব্যর্থ হলেও তিনি পিছু হটেনি।
পরবর্তীতে ২০০২ সালে স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’। সিনেমা প্রযোজনা ছাড়াও ভিএফএক্স প্রযুক্তিতে বিনিয়োগ করে নতুন দিগন্ত উন্মোচন করেন তিনি।
চলচ্চিত্রের পাশাপাশি ক্রিকেটেও সফল বিনিয়োগকারী শাহরুখ খান। ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের মালিকানা নিয়ে তিনি নিজের ব্র্যান্ডকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেন।
দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন এবং গ্লোবাল পপুলারিটির সুবাদে তাঁর ব্র্যান্ড ভ্যালু এখন আকাশচুম্বী। ২০২৫ সালের হিসাব অনুযায়ী তাঁর ব্র্যান্ডমূল্য প্রায় ১ হাজার ৬৯৪ কোটি রুপি।
মুম্বাইয়ের ‘মান্নাত’ ছাড়াও দুবাই ও লন্ডনে রয়েছে তাঁর বিলাসবহুল আবাসন। স্ত্রী ও সন্তানদের নিয়ে গড়া এই পারিবারিক সাম্রাজ্য তাঁকে ভারতের শীর্ষ ধনী অভিনেতার আসনে বসিয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
—জা. অর্থনীতি/এএইচএ
