ট্রাকে মিলল বিয়ার-খাবার, দল বেঁধে লুটপাট চালাল ভালুক!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেনেসিতে খাবার ও বিয়ারের সন্ধানে একটি পরিবারের পিকআপ ট্রাকে হানা দিয়েছে চারটি কালো ভালুক। ট্রাক থেকে ছয় ক্যান বিয়ার ও এক ব্যাগ খাবার লুট করে নিয়ে যায় তারা। এ সময় ভালুকগুলোর বাধা দিতে গিয়ে উল্টো আক্রমণের মুখে পড়েন পরিবারের সদস্যরা। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে টেনেসির গ্যাটলিনবার্গ এলাকায়। পরিবারের সদস্যরা একটি পিকআপ ট্রাক থেকে মালপত্র নামানোর কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে চারটি ভালুক ট্রাকের কাছে চলে আসে। এরপর ট্রাকের দরজা খুলে ভেতরে থাকা খাবার ও পানীয় নিয়ে তল্লাশি শুরু করে।

একপর্যায়ে ট্রাক থেকে ছয় ক্যান বিয়ার এবং এক ব্যাগ খাবার নিয়ে যায় ভালুকগুলো। এ সময় তাদের টানাটানিতে দুধের পাত্র উল্টে রাস্তায় পড়ে যায়। ট্রাকের আশপাশে ভাঙচুরের ঘটনাও ঘটে।

ভালুকগুলোর এমন তাণ্ডব দেখে পরিবারের সদস্যরা সেগুলোকে তাড়ানোর চেষ্টা করেন। তবে এতে কাজ হয়নি। বরং পাল্টা আক্রমণ করে বসে ভালুকগুলো। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলে পিছু হটতে বাধ্য হন তাঁরা। একপর্যায়ে অসহায়ভাবে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখতে হয় পরিবারের সদস্যদের।

‘এবিসিনিউজ’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এতে সাদা পিকআপ ট্রাকের দরজা খুলে কয়েকটি কালো ভালুককে খাবার খুঁজতে দেখা যায়। মুখে খাবার নিয়ে দুটি ভালুককে চলে যেতেও দেখা গেছে।

ভিডিওটি ইতোমধ্যে হাজার হাজারবার দেখা হয়েছে। এটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসাত্মক মন্তব্য করছেন অনেকে। একজন মজা করে লিখেছেন, সন্ধ্যায় ভালুকদের বাড়িতে পার্টি, তাই খাবার নিয়ে যাচ্ছে তারা।

জা.অর্থনীতি/এসআই