প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হচ্ছে শিক্ষণীয় খেলনা

অনলাইন ডেস্ক: প্রাথমিক শিক্ষার প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন এনে শিশুদের জন্য আনন্দময় ও সৃজনশীল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে পাঠ্যবইয়ের পাশাপাশি কারিকুলাম অনুযায়ী শিক্ষণীয় খেলনা বা লার্নিং টয় যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে আয়োজিত ‘মেধা ও সৃজন উৎসব-২০২৬’-এর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিশুরা যেন খেলতে খেলতে শিখতে পারে, সে ধরনের শ্রেণিকক্ষ তৈরিতে সরকার কাজ করছে। এ জন্য শ্রেণিকক্ষে খেলাধুলার উপযোগী জায়গা রাখার পাশাপাশি পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন শিক্ষণীয় খেলনা সরবরাহের পরিকল্পনা রয়েছে। এসব উপকরণ ব্যবহার করে শিক্ষকরা সহজ ও আনন্দদায়ক উপায়ে পাঠদান করতে পারবেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট ও ব্যাডমিন্টনের মতো খেলাধুলার সুযোগ বাড়ানো হবে। পাশাপাশি গান, কবিতা ও নাটকসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহ দেওয়া হবে।

গণিত ও বিজ্ঞানে আগ্রহ বাড়াতে গণিত অলিম্পিয়াড, কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানান তিনি। ভবিষ্যতে রোবোটিক্স, প্রোগ্রামিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়েও প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার সক্ষমতা তৈরি করাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জা.অর্থনীতি/এসআই