১৮ তলা থেকে ছয় বছরের ছেলেকে নিয়ে ঝাঁপ, মা-ছেলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের পুনে শহরে বহুতল আবাসিক ভবন থেকে পড়ে এক নারী ও তার ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ভবনটির ১৮ তলা থেকে ছয় বছর বয়সী ছেলেকে নিয়ে নিচে ঝাঁপ দেন ওই নারী। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নিহত নারীর নাম একতা ভাংদে (৩৩)। তার ছেলের নাম মাধব ভাংদে (৬)। তারা পুনের থেরগাঁও ওয়াকাড এলাকার সিগনেচার পার্ক আবাসিক কমপ্লেক্সে বসবাস করতেন। প্রায় দুই বছর ধরে স্বামী মনোজ ভাংদে (৩৫) ও ছেলেকে নিয়ে ওই ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাটে থাকতেন একতা। তাদের পরিবারের আদি বাড়ি রাজস্থানে। মনোজ ইয়েরাওয়াড়ার একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করেন।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে মনোজ কর্মস্থলে চলে যান। তখন বাড়িতে ছিলেন একতা ও তার ছেলে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনের ডাক্ট এলাকা থেকে বিকট শব্দ শুনে বাসিন্দারা নিচে এসে মা ও ছেলেকে পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে ওয়াকাড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ঘটনার আগে একতা ছেলেকে নিয়ে লিফটে করে ভবনের ১৮ তলায় উঠেছিলেন। পরে গ্যালারির রেলিংয়ের পাশে তাদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, মা ও ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

জা.অর্থনীতি/এসআই