পিএইচপি শিপইয়ার্ডে মার্কিন রাষ্ট্রদূত, শ্রমিকের নিরাপত্তায় জোর
ছবি: জাতীয় অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে শ্রমিকদের সার্বিক নিরাপত্তা ও পরিবেশগত আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেট টি ক্রিস্টেনসেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত দেশের প্রথম স্বীকৃত সবুজ শিপইয়ার্ড ‘পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ পরিদর্শনকালে তিনি এ মত প্রকাশ করেন।

পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত সরাসরি একটি জাহাজের পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম ঘুরে দেখেন এবং ইয়ার্ডের বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিচালনপদ্ধতি পর্যালোচনা করেন।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত ব্রেট টি ক্রিস্টেনসেন তার স্ত্রী ডিয়েন দাও এবং মার্কিন দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে পিএইচপির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে শ্রমিকদের নিরাপত্তা ও পরিবেশগত মান উন্নয়নে নেওয়া নানা পদক্ষেপ ও কর্মপদ্ধতি সম্পর্কে প্রতিনিধিদলকে বিস্তারিত অবহিত করা হয়।

শিপইয়ার্ডের পরিদর্শন বইয়ে মার্কিন রাষ্ট্রদূত লেখেন, “গুরুত্বপূর্ণ এই কাজ নিরাপদে সম্পন্ন করতে ধারাবাহিক প্রচেষ্টা সরাসরি দেখার অভিজ্ঞতা চমৎকার।” একই সঙ্গে তিনি ভবিষ্যতেও এই ধারায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

পরবর্তীতে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকুকে পাঠানো এক বার্তায় কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করায় প্রতিষ্ঠানটির অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন মার্কিন দূতাবাসের লেবার অ্যাটাশে লিনা খান। তিনি পিএইচপির টেকসই প্রচেষ্টা ও নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার অগ্রগতিকে অনুপ্রেরণাদায়ক অভিহিত করে ভবিষ্যতেও দ্বিপক্ষীয় যোগাযোগ ও সহায়তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শন ও দ্বিপক্ষীয় বৈঠকে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু এবং পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ উপস্থিত ছিলেন।

মার্কিন প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন দূতাবাসের ইকোনমিক অফিসার জন ব্রুনসডেল, সিকিউরিটি ইনচার্জ এরিক ওয়েলস, ইকোনমিক স্পেশালিস্ট আসিফ আহমেদ, লেবার স্পেশালিস্ট সাইফুজ্জামান মেহরাব, পাবলিক ডিপ্লোমেসি কো-অর্ডিনেটর মেহেদী আল হাসনাতসহ দূতাবাসের নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য, বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাত থেকে প্রাপ্ত স্ক্র্যাপ স্টিল ও অন্যান্য কাঁচামাল দেশীয় ইস্পাতশিল্পের মূল জোগান নিশ্চিতের পাশাপাশি বিপুল কর্মসংস্থান সৃষ্টি করছে। তবে বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা ও শ্রমিক নিরাপত্তার খাতিরে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পরিদর্শনের মধ্য দিয়ে পরিবেশবান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে মার্কিন দূতাবাস ও পিএইচপির মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতার পথ আরও সুগম হবে বলে ধারণা করছেন খাতসংশ্লিষ্টরা।  

—জা. অর্থনীতি/এলএটি