কেমন জীবন সঙ্গী চাই সাই পল্লবীর?

জাতীয় অর্থনীতি বিনোদন: আসন্ন মহাকাব্যিক সিনেমা 'রামায়ণ'-এ সীতা চরিত্রে অভিনয়ের সুবাদে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি একটি রিয়েলিটি শো’তে অংশ নিয়ে নিজের জীবনসঙ্গী বা হবু স্বামীর মাঝে ঠিক কী ধরনের গুণ দেখতে চান, সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন এই জনপ্রিয় তারকা।

একটি জনপ্রিয় টেলিভিশন শো’তে সঞ্চালক অমিতাভ বচ্চনের প্রশ্নের জবাবে সাই পল্লবী জানান, তার হবু জীবনসঙ্গীকে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। তিনি এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান, যিনি খুব বেশি আত্মকেন্দ্রিক নন। আবার নিজের ভুল স্বীকার করার মানসিকতা রাখেন।

অভিনেত্রীর মতে, মানুষ মাত্রই ভুল করতে পারে। তবে সেই ভুল শুধরে নেওয়ার দায়িত্বটুকুও তার নিজের কাধেই নেওয়া উচিত। অন্য কারও ওপর দোষ চাপানোর প্রবৃত্তি থাকা চলবে না।

সম্পর্কের ক্ষেত্রে লম্বা কোনো চাহিদার তালিকা তার নেই বলে স্পষ্ট জানান সাই পল্লবী। তার কাছে কেবল ভালো মানুষ হওয়া এবং নিজের কাজের দায়বদ্ধতা নেওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

image

এছাড়া হাসির ছলে নিজের একটি বাস্তবসম্মত প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি যোগ করেন, হবু স্বামীর যদি রান্নাবান্না জানা থাকে, তবে তা আরও বেশ সুখের হবে।
উল্লেখ্য, নীতেশ তিওয়ারির পরিচালনায় বহু প্রতীক্ষিত 'রামায়ণ: পার্ট ১' সিনেমাটি চলতি বছরের ৫ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

জা. অর্থনীতি/এআর