জাতীয় অর্থনীতি বিনোদন: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা শিবা শানু (প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী) বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক এই দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ স্কেলে বেতন-ভাতা পাবেন তিনি। তবে দায়িত্ব গ্রহণের পূর্বশর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। ফলে বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে থাকা এই অভিনেতাকে পদটি ছাড়তে হবে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করা শিবা শানু দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় ছবিতে খল চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। অভিনয়ের পাশাপাশি শিল্পীদের অধিকার আদায়ে সংগঠনের নেতৃত্বের পর এবার সরকারি এই ট্রাস্টের এমডি হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
জা. অর্থনীতি/এআর
