গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ২ সদস্যকে মারধরের অভিযোগ
ছবি: সংগৃহীত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর ও ২ পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংগঠনটির নেতাকর্মীরা নিজেদের ফেসবুক আইডি থেকেও ভিডিওটি শেয়ার করেছেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রঘুনাথপুর চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে খেয়াঘাট এলাকায় পৌঁছান মিছিলকারীরা। এ সময় সেখানে টহলরত পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া ও এক কনস্টেবলকে মারধর করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল থেকে অতর্কিত হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর এবং ২ পুলিশ সদস্যকে মারধর করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

—জা. অর্থনীতি/এনজে