ফুটপাতে দোকান বসালেই মামলা, মালামাল জব্দ

জাতীয় অর্থনীতি অনলাইন: রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে এখন থেকে সরাসরি মামলা করা হবে। একই সঙ্গে জব্দ করা হবে দোকানের মালামাল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ দোকান সরাতে এত দিন অনুরোধ করা হয়েছে। এখন থেকে আর অনুরোধ নয়, সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীতে ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত বিশেষ মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এ কথা বলেন আবদুস সালাম। এদিন ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, রাস্তায় যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী অবৈধ হকার ও ভাসমান দোকান। নগরবাসী এসব দুর্ভোগ থেকে মুক্তি চান। তাই মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের সুযোগ নেই। সিটি করপোরেশনের নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আগামী সপ্তাহে আবার উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না।

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার বিকল্প নেই। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না।

রাজধানীর পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে থাকা বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) সরিয়ে নেওয়ার বিষয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে জনস্বার্থে এসটিএসটি অন্যত্র সরিয়ে সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি এসটিএস নির্মাণ করা হচ্ছে। চলতি মাসের মধ্যেই সেটির নির্মাণকাজ শেষ হবে।

শনিবারের পরিচ্ছন্নতা অভিযান সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য অপসারণ ও অবৈধ দোকান উচ্ছেদের কার্যক্রম পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক।

দিনব্যাপী কর্মসূচিতে সিটি করপোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী ও মশকনিধন কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

—জা.অর্থনীতি/আরএস