ধূমপান ছাড়ার পর ভেপিং করলে বাড়ে ক্যান্সারের ঝুঁকি

জাতীয় অর্থনীতি ডেস্ক: ধূমপান ছেড়ে দেওয়ার পর ই-সিগারেট বা ভেপ ব্যবহারকারীদের ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়া ও এতে মৃত্যুর ঝুঁকি পুরোপুরি ধূমপান ত্যাগকারীদের তুলনায় অনেক বেশি। সম্প্রতি চিকিৎসাবিজ্ঞানের সাময়িকী 'নেচার মেডিসিন'-এ প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা ধূমপানের পূর্ব ইতিহাস রয়েছে, এমন ব্যক্তিদের ওপর ভেপিং ও ফুসফুসের ক্যান্সারের সম্ভাব্য সম্পর্ক খতিয়ে দেখতে ৪৫ লাখেরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষের স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করেছেন।

গবেষণায় অংশগ্রহণকারীদের তিনটি মূল ভাগে ভাগ করা হয়: বর্তমান ধূমপায়ী, স্বল্পমেয়াদী ধূমপান ত্যাগকারী এবং দীর্ঘমেয়াদী ধূমপান ত্যাগকারী। ২০১৮ সালের স্বাস্থ্য পরীক্ষার তথ্যের ওপর ভিত্তি করে তারা প্রতিদিন ভেপ ব্যবহার করতেন কি না তা পর্যবেক্ষণ করেন গবেষকরা। এই বিশ্লেষণে বয়স, লিঙ্গ ও পূর্বের শারীরিক নানা জটিলতার বিষয়গুলোকে সমন্বয় করা হয়।

গবেষণার বিশ্লেষণে দেখা যায়, যারা ধূমপান ছেড়ে দেওয়ার পর ভেপিং শুরু করেছেন— কোনো ধরনের ভেপ ব্যবহার না করে ধূমপান ছাড়া ব্যক্তিদের তুলনায়, তাদের ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫৬ শতাংশ বেশি।

এ ছাড়া, ভেপ ব্যবহার না করা ব্যক্তিদের তুলনায় ভেপ ব্যবহারকারীদের মধ্যে ফুসফুসের ক্যান্সারে মৃত্যুর হার ৯১ শতাংশ বেশি ছিল বলে গবেষণায় জানা গেছে।

যদিও এই গবেষণা এটি সরাসরি প্রমাণ করেনি যে ভেপিংই ক্যান্সারের ঝুঁকির মূল কারণ। তবে পর্যবেক্ষণমূলক গবেষণা হওয়ায় এটি কার্যকারণ সম্পর্ক প্রমাণের বদলে— কেবল দুটি বিষয়ের মধ্যে আন্তঃসম্পর্ককে চিহ্নিত করেছে।

গবেষকরা উল্লেখ করেছেন যে, বিভিন্ন এপিডেমিওলজিকাল এবং বায়োলজিক্যাল গবেষণা ই-সিগারেটের সাথে শ্বাসতন্ত্রের নানা রোগের সম্পর্কের ইঙ্গিত দিলেও, ই-সিগারেটের সাথে ফুসফুসের ক্যান্সারের সরাসরি সম্পর্কের সুনির্দিষ্ট প্রমাণের পরিধি এখনও সীমিত।

গবেষকরা তাঁদের প্রতিবেদনে লিখেছেন "যদিও বিভিন্ন এপিডেমিওলজিকাল এবং বায়োলজিক্যাল অধ্যয়ন ই-সিগারেট ও শ্বাসযন্ত্রের নানা ব্যাধির মধ্যে সম্পর্কের বিষয়টি সমর্থন করে, তবে ই-সিগারেটের সাথে ফুসফুসের ক্যানসারের ঝুঁকির সরাসরি সম্পর্কের প্রমাণ এখনো সীমিত।"

এই গবেষণাটি মূলত ধূমপানের অতীত ইতিহাস থাকা ব্যক্তিদের ওপর আলোকপাত করেছে। আগে কখনোই সাধারণ সিগারেট না খেয়ে কেবল ভেপ ব্যবহারকারীদের ক্ষেত্রে ভবিষ্যতে ফুসফুসের ক্যানসারের দীর্ঘমেয়াদী ঝুঁকি কেমন—সেটি এতে নির্ধারণ করা হয়নি।

ভেপিং সরাসরি ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ায় কি না, তা চূড়ান্তভাবে নিশ্চিত করতে আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদী অনুসন্ধানের প্রয়োজন রয়েছে বলে মনে করেন গবেষকরা।

—জা.অর্থনীতি/আরএস