শিউলির খোঁজে ঘর ছাড়লেন পরীমনি

জাতীয় অর্থনীতি বিনোদন: শরতের স্নিগ্ধ আবহে প্রকৃতির রঙ ও গন্ধে মেতে উঠেছেন ঢালিউড তারকা পরীমনি। শুভ্রতা আর সুবাসের টানে এক বিকেলে সাদা পাপড়ি ও কমলা বোঁটার শিউলি ফুলের খোঁজে ঘর ছেড়েছেন তিনি।

সম্প্রতি সসামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় পরীমনি নিজেই জানান তার এই শিউলি ফুলের সন্ধানের কথা। ফেসবুকে একটি মিষ্টি স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, “শিউলি ফুলের খোঁজে যাই…”। আর যায় কোথায়! মুহূর্তের মধ্যেই স্ট্যাটাসটি নজর কাড়ে পরীর লক্ষ লক্ষ অনুরাগীর। নিজের প্রিয় ফুলের প্রতি অভিনেত্রীর এই নিখাদ ভালোলাগা এবং মুগ্ধতা ছুঁয়ে গেছে ভক্তদের হৃদয়ও।

তার পোস্টটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে উপচে পড়ে অনুরাগী ও নেটিজেনদের ভালোবাসা ভরা মন্তব্য। রূপ ও স্বাতন্ত্র্যের বিচারে অনেকে পরীমনিকেই সদ্য ফুটন্ত শিউলি ফুলের সাথে তুলনা করেছেন। কেউ লিখেছেন, “সে জানেও না যে সেও একটা শিউলি ফুল”, আবার কারও মন্তব্য, “কী দরকার? তুমি তো নিজেই শিউলি ফুল।”

ভক্তদের এই মিষ্টি ও আবেগঘন প্রতিক্রিয়া পরীমনির সাধারণ একটি পোস্টকেও সোশ্যাল মিডিয়ায় এক অন্যরকম মাত্রায় পৌঁছে দিয়েছে। শরতের এই রোমান্টিক মেজাজে নায়িকার শিউলি খোঁজার গল্প এখন পরীপ্রেমীদের চর্চায়।

জা. অর্থনীতি/এআর