টাইগার নন সালমানই ছিলেন মূল লক্ষ্য

জাতীয় অর্থনীতি বিনোদন: বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনার তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের অনুসন্ধানে জানা গেছে, দুষ্কৃতীদের আসল লক্ষ্য টাইগার শ্রফ ছিলেন না; তাদের মূল নিশানা ছিলেন সুপারস্টার সালমান খান।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। তবে তদন্তে জানা যায়, আক্রমণের পরিকল্পনাটি মূলত সালমান খানের জন্যই ছক কষা হয়েছিল। এমনকি শুটাররা আগে থেকে তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশপাশে নজরদারিও চালিয়েছিল। কিন্তু সালমানের বাসভবনের চারপাশে কড়া পুলিশি পাহারা দেখে বাধ্য হয়ে পিছু হটে তারা।

এরপরই মূল গ্যাংয়ের নির্দেশে কম নিরাপত্তাবেষ্টিত তারকাদের নিশানা করার পরিকল্পনা করা হয়। সাধারণ পর্যটকের ছদ্মবেশে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও আমির খানের মতো তারকাদের বাড়ির এলাকাতেও রেকি করে শুটাররা। কিন্তু সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে টাইগারের সঙ্গে কোনো সরকারি নিরাপত্তা না থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তারা তাকে টার্গেট করে।

গ্রেপ্তারকৃত তিন হামলাকারীকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, পুরো বলিউডকে আতঙ্কিত করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এদিকে এ হামলার দায় স্বীকার করেছে কারাবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের অনুসারীরা। তারা সালমান খানের সঙ্গ ত্যাগ না করলে অন্য বিনোদনকর্মীদেরও একই পরিণতির চরম হুঁশিয়ারি দিয়েছে। ঘটনার পর সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

জা. অর্থনীতি/এআর