স্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে পাঁজরের পাঁচটি হাড় ভাঙল স্বামী

আন্তর্জাতিক ডেস্ক: চীনে স্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে বিপাকে পড়েছেন এক তরুণ। স্বামীর জোরে আলিঙ্গনে গুরুতর আহত হন তার স্ত্রী। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ওই নারীর পাঁজরের পাঁচটি হাড় ভাঙা এবং আরেকটি হাড়ে চিড় ধরার বিষয়টি জানা যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্ত্রীকে ভালোবাসার প্রকাশ হিসেবে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন ওই তরুণ। কিন্তু সেই আলিঙ্গনই স্ত্রীর জন্য যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। ঘটনার পর তীব্র ব্যথায় কাতরাতে থাকেন নারীটি। তার পক্ষে সোজা হয়ে দাঁড়ানোও কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি দেখে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান তার স্বামী।

হাসপাতালে বুকের সিটি স্ক্যান করার পর আঘাতের মাত্রা সম্পর্কে জানা যায়। চিকিৎসকেরা জানান, নারীর পাঁজরের পাঁচটি হাড় ভেঙেছে এবং আরেকটি হাড়ে চিড় ধরেছে। চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন। সেখানে স্বামীর যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় মুখোমুখি দাঁড়িয়ে আছেন ওই দম্পতি। স্বামীকে দেখে আনন্দে লাফিয়ে ওঠেন স্ত্রী। এরপর তাকে শক্ত করে জড়িয়ে ধরে শূন্যে তুলে নেন তরুণ। কিছুক্ষণের মধ্যেই স্ত্রী তাকে নামিয়ে দিতে ইশারা করেন। নিচে নামানোর পর পেটের কাছে হাত দিয়ে বসে পড়েন তিনি। স্বামী তাকে ওঠানোর চেষ্টা করলেও ব্যথার কারণে তা সম্ভব হয়নি।

‘মাস্টশেয়ারনিউজ’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

জা.অর্থনীতি/এসআই