পিরোজপুরে ট্রলারডুবিতে শিশুর মৃত্যু, এখনো নিখোঁজ মা
ছবি: জাতীয় অর্থনীতি

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় ৮ বছরের শিশু অর্পিতা বেপারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন তার মা রিনা বেপারী (৩৫)।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী–ভরতকাঠী ফেরিঘাট এলাকায় ৫০ জনের বেশি যাত্রী ও ছয়টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি নদীতে ডুবে যায়। রাত ১১টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অর্পিতার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে গ্রামের বাড়িতে আসা সংকর বেপারী স্ত্রী ও মেয়েকে নিয়ে পূজা দেখে ট্রলারে বাড়ি ফিরছিলেন। ট্রলারে অতিরিক্ত যাত্রী ও ৬টি মোটরসাইকেল থাকায় এটি ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অধিকাংশ যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও মা ও মেয়ে নিখোঁজ হন।

নাটোরে নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মা নিখোঁজ রয়েছেন। রাত গভীর হওয়ায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পুনরায় অভিযান পরিচালনা হলেও এখনো সন্ধান মেলেনি ওই নারীর। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটিকে ‘খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জু। নিখোঁজ নারীকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রাখা এবং জনদুর্ভোগ কমাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

—জা. অর্থনীতি/এনজে