ইরানে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার অংশ হিসেবে ইরানের রাজধানী তেহরানে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি পাকিস্তানের একটি প্রতিনিধি দল নিয়ে তেহরানে পৌঁছান।

এরআগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাগেই তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছিলেন, ফিল্ড মার্শাল অসিম মুনির ইরানে আসবেন। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আলোচনা নিয়ে অসিম মুনির এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে। তবে তার মূল সফরটি পাকিস্তান ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে হবে। যেখানে দুই দেশের সম্পর্ক শক্তিশালীকরণ নিয়ে আলোচনা হবে।

অসিম মুনির এমন সময় সরাসরি ইরানে গেলেন যখন হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুরোপুরি থমকে আছে।

গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, হরমুজে জাহাজ চলাচলে যে অনিরাপত্তা তৈরি হয়েছে সেটির জন্য যুক্তরাষ্ট্র দায়ী। 

হরমুজ দিয়ে তেল ও গ্যাসসহ অন্যান্য জ্বালানি পরিবহন করা হয়। কিন্তু গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালালে ইরান গুরুত্বপূর্ণ এ রুটটি বন্ধ করে দেয়। এরপর থেকে সেখান দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল বন্ধ আছে। এরমধ্যে গত কয়েকদিনে পাঁচ থেকে সাতটি বড় ট্যাংকার মাইনের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। গত জুনে তাদের চেষ্টায় এ দুই দেশ স্বল্পকালীন যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। কিন্তু এটি সফলতার মুখ দেখেনি।

সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, গত জুনের সেই চুক্তির পর ফিল্ড মার্শাল অসিম মুনির পঞ্চমবারের মতো তেহরানে গেছেন। -সূত্র: আল-আরাবিয়া

—জা.অর্থনীতি/আরএস