জাতীয় অর্থনীতি ডেস্ক: একসময় ওডিআই বা একদিনের আন্তর্জাতিক ফরম্যাটই ছিল বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় শক্তির জায়গা। ঘরের মাঠ হোক কিংবা চেনা কন্ডিশন-যেকোনো পরাশক্তিকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখতো লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু ‘পঞ্চপান্ডব’ খ্যাত অভিজ্ঞ ক্রিকেটারদের বিদায়ের পর, সেই চেনা ওডিআই দলটাই যেন এখন পুরোপুরি খাদের কিনারে!
সবশেষ জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে ৭ ম্যাচের ৫টিতেই হেরেছে বাংলাদেশ। জাতীয় দলের এমন ধারাবাহিক হতাশাজনক পারফরম্যান্সে তীব্র ক্ষোভ আর হতাশা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান। আবেগাপ্লুত কণ্ঠে তিনি সাফ জানিয়েছেন, ‘বাংলাদেশ দলের এই অবস্থা হবে-তা নাকি তিনি ভাবতেও পারেননি!’
ক্রিকেট বোদ্ধাদের মতে, জাতীয় দলে সুযোগ পাওয়াটা এখন যেন সময়ের সবচেয়ে সহজ কাজ হয়ে দাঁড়িয়েছে! বোর্ডের দুর্বল নীতি আর সঠিক নজরদারির অভাবে বছরের পর বছর অফ-ফর্মে থেকেও স্কোয়াডে জায়গা ধরে রাখছেন অনেকে।
তালিকার দিকে তাকালে দেখা যায়- নুরুল হাসান সোহান আন্তর্জাতিক ক্রিকেটে গত ১০ বছরেও পাননি একটি ফিফটির দেখা! অথচ সামলেছেন অধিনায়কের গুরুদায়িত্বও। অন্যদিকে, মোসাদ্দেক হোসেন সৈকত তার সবশেষ ১০ ইনিংসে করেছেন মাত্র ১৯৮ রান-অধারাবাহিকতাই যার ক্যারিয়ারের মূল গল্প। আর অফ-ফর্মে থাকা সৌম্য সরকারকে ফর্মে ফেরাতে বিসিবি বারবার সুযোগ দিলেও, মাঠের পারফরম্যান্সে মেলেনি তার ইতিবাচক প্রতিফলন।
সমস্যা শুধু খেলোয়াড়দের পারফরম্যান্সেই সীমাবদ্ধ নয়, উঠেছে কোচিং প্যানেল নিয়েও বড় প্রশ্ন। একসময় বাংলাদেশ দলের ডাগআউটে দেখা যেত কোর্টনি ওয়ালশ, হিথ স্ট্রিক কিংবা অ্যালান ডোনাল্ডের মতো বিশ্বসেরা কোচদের। কিন্তু সময়ের ব্যবধানে সেই হাই-প্রোফাইল কোচিং স্টাফ ছেড়ে ‘দেশি তকমা’ দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুল কিংবা তালহা জুবায়েরদের মতো সাবেক ক্রিকেটারদের হাতে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ইতিহাসে এটাই বাংলাদেশ দলের সবচেয়ে দুর্বল কোচিং প্যানেল। যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে মাঠে-চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলছেন টাইগাররা।
বিশেষজ্ঞদের দাবি, বিদেশি হাই-প্রোফাইল কোচিং স্টাফ দলের মেন্টাল টাফনেস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে হলে এখন প্রয়োজন কড়া সিদ্ধান্ত আর কাঠামোগত পরিবর্তন।
বাংলাদেশ ক্রিকেট কি পারবে এই কঠিন ধাক্কা সামলে আবারো জয়ের সারণিতে ফিরতে? নাকি ভুলের বৃত্তেই বন্দি থাকবে লাল-সবুজের ক্রিকেট?
—জা. অর্থনীতি/এলএটি