জাতীয় অর্থনীতি স্পোর্টস: ভারতের ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফিতে অনন্য এক ইতিহাস গড়লেন মিজোরামের ব্যাটার চিন্ময় সুতার। প্লেট গ্রুপের ম্যাচে সোমবার (১৯ অক্টোবর) নাগাল্যান্ডের বিরুদ্ধে ৫১৭ বল খেলে অপরাজিত ৪০০ রানের এক অবিস্মরণীয় ইনিংস খেলেছেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই মহাকাব্যিক রেকর্ড গড়লেন ২৯ বছর বয়সি এই ডানহাতি ক্রিকেটার। সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে মাত্র দশম ব্যাটার হিসেবে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করলেন চিন্ময়।
মুম্বাই ছেড়ে চলতি মৌসুমে মিজোরামে যোগ দেওয়া এই ব্যাটারের ক্যারিয়ারের এটিই দ্বিতীয়বার প্রথম শ্রেণির ম্যাচ।
নাগাল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন ৩৯২ রানে নবম উইকেট পতনের পর বিপাকে পড়ে মিজোরাম। সেখান থেকে শেষ উইকেটে লালরেমপুইয়াকে সঙ্গে নিয়ে ১৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন চিন্ময়।
সতীর্থের ১৪ রানের বিপরীতে একপ্রান্ত আগলে রেখে রানের পাহাড় গড়েন তিনি। ৪৬টি চার ও ৭টি দৃষ্টিনন্দন ছক্কায় সাজানো এই অতিমানবীয় ইনিংস খেলার পর, চিন্ময়ের ৪০০ রান পূর্ণ হতেই ৯ উইকেটে ৫৮১ রান তুলে ইনিংস ঘোষণা করে মিজোরাম।
জা. অর্থনীতি/এআর