দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
ছবি: জাতীয় অর্থনীতি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। 

শনিবার (১৭ অক্টোবর) জেলা শহরের একাধিক মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারি ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরিদর্শনকালে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা ও সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতিটি জেলায় মনিটরিং সেল গঠন করা হয়েছে।”

এ সময় লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী, পিপিএম-সেবা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে লক্ষ্মীপুর জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

—জা. অর্থনীতি/এলএটি