লক্ষ্মীপুর প্রতিনিধি: দল-মত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী রাখলে বাংলাদেশের সার্বিক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর শহরের জিরো পয়েন্ট সংলগ্ন একটি রেস্তোরাঁয় লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এলাকার ২৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, "সবাই মিলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। কারণ দেশ ও মানুষের প্রয়োজনে নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে হবে।" বিগত আন্দোলন ও রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, নির্বাচনহীন প্রক্রিয়ার অবসান ঘটিয়ে নতুন করে যে নির্বাচনী যাত্রা শুরু হয়েছে, তা বহুদূর এগিয়ে নিয়ে যেতে হবে।
সামনের দিনগুলোর চ্যালেঞ্জ উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, "অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। সেজন্য যে যেখানেই থাকি না কেন, নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে সামনের দিনগুলো পার করতে হবে। দল-মত নির্বিশেষে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে অন্তত রুটিন কাজগুলোর মাধ্যমেও দেশের উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব।"
বিগত সময়ের রাজনৈতিক পটভূমির কথা টেনে তিনি বলেন, গত ১৭-১৮ বছর বাংলাদেশে ভালো পরিবেশ ছিল না। তবে দীর্ঘ সংগ্রামের পর দেশে একটি স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে। এই স্বস্তিকর পরিবেশকে টিকিয়ে রেখে এখন রাজনৈতিক যুদ্ধের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক জীবনসংগ্রামে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন স্বল্প সময়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন এবং বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, তেমনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই আজ দেশ নতুন প্রত্যয়ে পরিচালিত হচ্ছে।
রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহনশীলতা ও দায়িত্বশীলতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, সংসদ বা আলোচনার টেবিলে সুন্দর বক্তব্য দিলেও বাইরে গিয়ে হুট করে ভিন্ন কর্মসূচিতে চলে যাওয়া অনেক সময় দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই সবদিক বিবেচনা করে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি