দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) ডেটাবেজ হালনাগাদ করতে দুই দিন সোনালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা বন্ধ থাকবে। আগামীকাল ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ–সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করেছে। 

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, সোনালী ব্যাংকের ইন্টেলেক্ট সিবিএস ১০.০০ সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ ওরাকল ১১জি থেকে ১৯সি-তে উন্নীত করা হবে। এ জন্য নির্ধারিত সময়ে ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, ১৭ অক্টোবর কোনো কারিগরি জটিলতা দেখা না দিলে ওই দিন থেকেই ব্যাংকটির স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমসহ বিভিন্ন সেবা চালু থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংককে এ সময়ের জন্য কার্যক্রম বন্ধ রাখার অনুমতি দিয়েছে।

—জা.অর্থনীতি/আরএস