অনলাইন ডেস্ক: রান্নায় সরিষার তেল ও সয়াবিন তেল-দুটিই বহুল ব্যবহৃত। সরিষার তেলের ঝাঁজালো গন্ধ ও স্বাদ অনেকের পছন্দ। অন্যদিকে, হালকা স্বাদের কারণে সয়াবিন তেলও দৈনন্দিন রান্নায় জনপ্রিয়। তবে পুষ্টিগুণের দিক থেকে কোন তেল বেশি উপকারী, তা নির্ভর করে এর চর্বির ধরন ও ব্যবহারের পরিমাণের ওপর।
সরিষার তেলে মনো-আনস্যাচুরেটেড বা একক অসম্পৃক্ত চর্বির পরিমাণ বেশি। এতে কিছু ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও রয়েছে, যা শরীরের জন্য প্রয়োজনীয়। পাশাপাশি এতে স্যাচুরেটেড বা সম্পৃক্ত চর্বির পরিমাণ তুলনামূলক কম। তবে সরিষার তেলের জাত ও উৎপাদনপদ্ধতিভেদে এরুসিক অ্যাসিডের মাত্রা ভিন্ন হতে পারে। বেশি মাত্রায় এই উপাদান গ্রহণের সঙ্গে প্রাণীর হৃৎপেশির ক্ষতির সম্পর্ক পাওয়া গেছে।
অন্যদিকে, সয়াবিন তেলে পলি-আনস্যাচুরেটেড বা বহু অসম্পৃক্ত চর্বি বেশি থাকে। এতে শরীরের জন্য প্রয়োজনীয় ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড লিনোলিক অ্যাসিড ও ভিটামিন ই পাওয়া যায়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, স্যাচুরেটেড চর্বির পরিবর্তে অসম্পৃক্ত চর্বিসমৃদ্ধ উদ্ভিজ্জ তেল ব্যবহার হৃদ্রোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।
তবে সরিষা কিংবা সয়াবিন-কোনো তেলই ইচ্ছামতো ব্যবহার করা উচিত নয়। প্রতি ১০০ গ্রাম তেলে প্রায় ৮৮৪ কিলোক্যালরি শক্তি থাকে। তাই অতিরিক্ত তেল গ্রহণে শরীরে ক্যালরির পরিমাণ বেড়ে যায়। একই তেল বারবার গরম করে ব্যবহার করাও এড়িয়ে চলা উচিত।
সব মিলিয়ে, শুধু তেলের ধরন নয়, ব্যবহারের পরিমাণ ও সামগ্রিক খাদ্যাভ্যাসও স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
জা.অর্থনীতি/এসআই