বয়সকে হার মানিয়ে ৪২ কিলোমিটার দৌড়ালেন ৭৪ বছরের খবির

অনলাইন ডেস্ক: বয়স ৭৪ বছর। তবু দৌড়ের পথে থেমে নেই খবির উদ্দিন খান। নরসিংদীর রায়পুরা ম্যারাথনে ৪২ কিলোমিটার দৌড়ে আবারও নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি। তার দৌড় দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন নানা বয়সী মানুষ। কেউ তাকে ‘দাদু’ বলে ডাকেন, কেউ করতালি দিয়ে উৎসাহ জোগান।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রায়পুরা ম্যারাথনে অংশ নেন খবির উদ্দিন। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এই ম্যারাথনে অংশ নিলেন তিনি। তার মতে, বয়স কেবল একটি সংখ্যা। সুস্থ ও প্রাণবন্ত থাকতে নিয়মিত দৌড়ানোর বিকল্প নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ব্যবসা শুরু করেন খবির উদ্দিন। ব্যবসার ব্যস্ততার মধ্যেও শরীরচর্চার অংশ হিসেবে নিয়মিত দৌড়ান তিনি। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ম্যারাথনে অংশ নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার।

শুক্রবার ভোর সাড়ে ৪টায় রায়পুরা উপজেলা গেট থেকে ম্যারাথন শুরু হয়। উদ্বোধন করেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল। দেশের ৬৪ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা প্রায় এক হাজার দৌড়বিদ এতে অংশ নেন।

ম্যারাথনে ছিল চারটি বিভাগ-৪২ কিলোমিটার, ২৫ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং শিশুদের এক কিলোমিটার দৌড়। এতে যথাক্রমে ২৭০, ২০০, ৪০০ ও ১৩০ জন অংশ নেন।

সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল বলেন, খবির উদ্দিন রায়পুরা ম্যারাথনের প্রাণ। তার এই বয়সেও দৌড়ানোর উদ্যম অন্যদের জন্য অনুপ্রেরণা। রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপদের হাতে মেডেল, সনদপত্র ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।

জা.অর্থনীতি/এসআই