নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি এলাকা থেকে হাত, পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে কারখানাটির নাগমন্দিরের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, সকালে মন্দিরের পাশে কাজ করার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি মরদেহটি পড়ে থাকতে দেখে কারখানা কর্তৃপক্ষকে খবর দেন। পরে কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের দুই হাত, পায়ের আঙুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা মরদেহ গুম করার উদ্দেশ্যে এই নির্জন স্থানে ফেলে রেখে পালিয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
—জা. অর্থনীতি/এলএটি