আপনার ছবির নিয়ন্ত্রণ কার হাতে?
ছবি: জাতীয় অর্থনীতি

অনলাইন ডেস্ক: একটা ছবি দিলেন এআইকে। কয়েক সেকেন্ডেই বদলে গেল আশির দশকের চেহারায়।

আশির দশকের পোশাক, পুরোনো গাড়ি কিংবা তরুণ বয়সের অবয়ব, মুহূর্তেই তৈরি হচ্ছে নস্টালজিক ছবি। কিন্তু, এই ছবি তৈরির জন্য এআইকে যে আসল ছবিটি দিলেন, সেটি এরপর কোথায় থাকে? আপনার আসল ছবির ডেটা কি সত্যিই মুছে যায়?

সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ডে অংশ নিতে অনেকেই চ্যাটজিপিটি, জেমিনি কিংবা অন্য এআই টুলে নিজের ছবি আপলোড করছেন। বিষয়টি সহজ মনে হলেও, এখানে শুধু একটি ছবি পাঠানো হচ্ছে না। ছবির সঙ্গে যুক্ত হতে পারে ব্যবহারকারীর আরও কিছু তথ্য।

একটি ছবির মেটাডেটায় থাকতে পারে সেটি কখন তোলা হয়েছে, কোন ডিভাইসে তোলা হয়েছে এ ধরনের তথ্য। কিছু ক্ষেত্রে, অবস্থানসংক্রান্ত তথ্যও থাকতে পারে। আর ছবিতে থাকা মুখটি নিজেই একটি গুরুত্বপূর্ণ পরিচয় বা চিহ্ন। এতে করে, ছবির মাধ্যমে একজনকে শনাক্ত করা সম্ভব হলে সেটি ব্যক্তিগত ডেটার অংশ হয়ে যেতে পারে।
অর্থাৎ, গ্যালারিতে থাকা একটি ছবি হয়তো আপনার কাছে নিছক একটি ছবি। কিন্তু, কোনো অনলাইন সেবায় সেটি আপলোড করার পর তা হয়ে উঠতে পারে ডেটার একটি অংশ।

নিউইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ক্রিস্টিনা পপারের মতে, এআই সিস্টেম বিভিন্ন স্তরে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে পারে। ব্যবহারকারীর লেখা ও আপলোড করা কনটেন্টের পাশাপাশি আইপি ঠিকানা, ডিভাইসের ধরন এবং সংরক্ষিত ফাইল বা উত্তরের মতো তথ্যও এর আওতায় থাকতে পারে।

তাহলে প্রশ্ন এসেই যায়, আপলোড করা ছবি কতদিন এআই প্রতিষ্ঠানের কাছে থাকতে পারে? এর একক কোনো উত্তর নেই। কারণ, সময়সীমা নির্ভর করে কোন সেবা ব্যবহার করছেন, আপনার সেটিংস কী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডেটা সংরক্ষণ নীতির ওপর।

চ্যাটজিপিটির ক্ষেত্রেই দেখা যাক। বর্তমান নীতিমালা অনুযায়ী, সাধারণ চ্যাট আপনি মুছে দিলে সেটি অ্যাকাউন্ট থেকে সরানো হয় এবং সাধারণভাবে ওপেনএআইয়ের সিস্টেম থেকে স্থায়ীভাবে মুছে ফেলার জন্য ৩০ দিনের মধ্যে নির্ধারিত হয়। তবে নিরাপত্তা, আইনগত বাধ্যবাধকতা বা আগে থেকেই পরিচয়মুক্ত করা তথ্যের মতো কিছু ব্যতিক্রম থাকতে পারে।
আর Temporary Chat ব্যবহার করলে সেটি ইতিহাসে থাকে না এবং মডেল উন্নয়নে ব্যবহার করা হয় না; তবে নিরাপত্তার প্রয়োজনে এর কপি সর্বোচ্চ ৩০ দিন রাখা হতে পারে।

অন্যদিকে, জেমিনাইয়ের ক্ষেত্রে ডিফল্টভাবে Gemini Apps Activity-এর পুরোনো ডেটা ১৮ মাস পর অটো-ডিলিট করা হয়। তবে, ব্যবহারকারী চাইলে সেটিংস বদলে ৩ মাস, ৩৬ মাস অথবা অটো-ডিলিট বন্ধও করতে পারেন। এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, Keep Activity বন্ধ করলেও ভবিষ্যতের চ্যাট কিছু সময়ের জন্য সিস্টেমে থাকতে পারে। গুগলের তথ্য অনুযায়ী, এক্ষেত্রে চ্যাট ৭২ ঘণ্টা পর্যন্ত রাখা হতে পারে সেবা চালানো, ফিডব্যাক প্রক্রিয়া এবং নিরাপত্তার প্রয়োজনে।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডেটা সংরক্ষণ আর মডেল প্রশিক্ষণ এক বিষয় নয়। কোনো তথ্য কতদিন রাখা হবে, আর সেই তথ্য এআই মডেল উন্নত করতে ব্যবহার করা হবে কিনা, এগুলো আলাদা সিদ্ধান্ত ও সেটিংসের সঙ্গে যুক্ত হতে পারে।

চ্যাটজিপিটিতে ব্যবহারকারী “Improve the model for everyone” সেটিংস বন্ধ করতে পারেন। আর Temporary Chat মডেল উন্নয়নে ব্যবহার করা হয় না।

জেমিনাইয়েও Keep Activity বন্ধ করলে ভবিষ্যতের চ্যাট মডেল প্রশিক্ষণে ব্যবহার না করার ব্যবস্থা রয়েছে। যদিও ফিডব্যাক দেওয়ার মতো কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে।

আর তাই এআইতে ছবি আপলোড করলেই সেটি ফাঁস বা অপব্যবহার হবে, এমনটা বলা ঠিক নয়। ঝুঁকিটা অন্য জায়গায়। আপনার ব্যক্তিগত ছবি এমন একটি সিস্টেমে পৌঁছেছে, যেখানে সেটির সংরক্ষণ, ব্যবহার ও মুছে ফেলার নিয়ম নির্ধারণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আপনার নির্বাচিত সেটিংস।

মূল বিষয়টি হলো, একটি ব্যক্তিগত ছবি এখন তৃতীয় পক্ষের সিস্টেমে থাকা ডেটার অংশ। দীর্ঘদিন এআই ব্যবহার করলে ছবি, প্রশ্ন, ফাইল এবং ব্যবহারের ধরন, এসব তথ্য আলাদা আলাদা না থেকে একজন ব্যবহারকারীর ডিজিটাল প্রোফাইল সম্পর্কে ধারণা দিতে পারে।

তাই, এআই ট্রেন্ডে ছবি দেওয়ার আগে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি। অতি ব্যক্তিগত ছবি, পরিচয়সংক্রান্ত নথি কিংবা এমন ছবি যাতে সংবেদনশীল তথ্য দেখা যায়, তা আপলোডের আগে কয়েকবার ভাবুন। অন্যের, বিশেষ করে শিশুদের ছবি অনুমতি ছাড়া আপলোড না করাই ভালো। আর যে এআই সেবা ব্যবহার করছেন, সেখানে Privacy, Activity, Data Controls বা Training-সংক্রান্ত সেটিংস কী বলছে, সেটি আগে দেখে নিন।

ছবিটি হয়তো কয়েকদিনের ট্রেন্ড। কিন্তু, সেই ছবি তৈরি করতে যে আসল ছবিটি দিলেন, তার সঙ্গে থাকা ডেটার যাত্রা আপনার ভাবনার চেয়েও দীর্ঘ হতে পারে।

আসল ছবিটা কোথায় থাকে?

আশির দশকের লুকে ছবি বানাতে এআইকে নিজের একটি ছবি দিলেন। কয়েক সেকেন্ডেই তৈরি হলো নতুন ছবি।

কিন্তু জানেন কি, আপলোড করা মূল ছবিটি সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায় না? ছবির সঙ্গে থাকা মেটাডেটা, মুখের পরিচয় এবং অন্যান্য তথ্যও প্রক্রিয়া হতে পারে।

আর কতদিন ডেটা থাকবে, সেটি নির্ভর করে সংশ্লিষ্ট এআই সেবার নীতি ও আপনার সেটিংসের ওপর।

তাই ট্রেন্ডে ছবি দেওয়ার আগে একবার ভাবুন, ছবিটা শুধু বদলাচ্ছে, নাকি আপনার ডেটাও যাচ্ছে কোথাও?

ChatGPT নাকি Gemini - ছবি কতদিন থাকে?

এআইতে ছবি আপলোড করে ডিলিট করলেই কি ডেটা সঙ্গে সঙ্গে মুছে যায়?

চ্যাটজিপিটিতে সাধারণ চ্যাট ডিলিট করলে সেটি সাধারণভাবে ৩০ দিনের মধ্যে সিস্টেম থেকে স্থায়ীভাবে মুছে ফেলার জন্য নির্ধারিত হয়। Temporary Chat-এর ক্ষেত্রেও নিরাপত্তার জন্য কপি সর্বোচ্চ ৩০ দিন থাকতে পারে।

আর জেমিনাইয়ে ডিফল্ট অটো-ডিলিট সময় ১৮ মাস। তবে, সেটিংস থেকে ৩ বা ৩৬ মাস কিংবা অটো-ডিলিট বন্ধ করার সুযোগও রয়েছে।

তাই শুধু ছবি ডিলিট নয়, ডেটা কতদিন থাকবে, কীভাবে ব্যবহার হবে, সেটা আগে জানুন।  

 

—জা. অর্থনীতি/এলএটি