নোবিপ্রবি প্রতিনিধি: আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে দেশীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান সুদৃঢ় ও দৃশ্যমান করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজিত এক উচ্চপর্যায়ের কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহযোগী অধ্যাপক ড. ফাহদ হুসাইন। তিনি নোবিপ্রবির র্যাংকিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক এবং সাস্টেইনঅ্যাবিলিটি কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে কুবির 'রিসার্চ অ্যান্ড এক্সটেনশন অফিস'-এর আয়োজনে ‘বিয়ন্ড রেপুটেশন: দ্য স্ট্র্যাটেজিক পজিশনিং অব কুমিল্লা ইউনিভার্সিটি অন দ্য গ্লোবাল র্যাঙ্কিং ল্যান্ডস্কেপ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রিসোর্স পারসন ড. ফাহদ হুসাইন বিশ্ব র্যাঙ্কিংয়ের বিভিন্ন বৈশ্বিক ফ্রেমওয়ার্ক ও মেথডোলজি, আন্তর্জাতিক সূচকসমূহ এবং বৈশ্বিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের কৌশলগত করণীয় উপস্থাপন করেন। এ সময় শিক্ষার গুণগত মান, বিশ্বমানের গবেষণা, আন্তর্জাতিকীকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কৌশলগত পরিকল্পনার সাথে বৈশ্বিক র্যাঙ্কিং সূচকের গভীর সম্পর্ক নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়।
কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (IQAC) পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অভিজ্ঞতা ও ধারণা বিনিময়ের পাশাপাশি কুবির ভবিষ্যৎ কৌশলগত অবস্থান শক্তিশালীকরণ ও আন্তর্জাতিক দৃশ্যমানতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
রিসোর্স পারসন হিসেবে অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে নোবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. ফাহদ হুসাইন বলেন, “বিশ্ববিদ্যালয়গুলো মূলত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমেই এগিয়ে যায়। র্যাঙ্কিং শুধু একটি সংখ্যা বা অবস্থান নয়; এর সাথে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সামগ্রিক প্রাতিষ্ঠানিক উন্নয়ন গভীরভাবে জড়িত। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক পরিসরে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”
তিনি আরও আশা প্রকাশ করেন যে, এ ধরনের সমন্বিত উদ্যোগের ফলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অভিজ্ঞতার আদান-প্রদান ঘটবে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উচ্চশিক্ষাকে শক্ত ভিতের ওপর দাঁড় করাবে।
উল্লেখ্য, ড. ফাহদ হুসাইন এর আগেও একাডেমিক উৎকর্ষ ও র্যাঙ্কিং কৌশলের অংশ হিসেবে গত বছরের নভেম্বরে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আয়োজিত বিশ্ব র্যাঙ্কিং বিষয়ক কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি