অর্থনীতি ডেস্ক: লোকসানকৃত চিনি কলে উৎপাদিত চিনি ব্যতিত অন্যান্য দ্রব্য দিয়ে বায়ো প্রডাক্ট তৈরি করে কীভাবে চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায় সে বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
একইসাথে মন্ত্রণালয়ের অধীন কোন প্রতিষ্ঠানে কতটি শূন্য পদ রয়েছে, ইতোমধ্যে কোন কোন প্রতিষ্ঠান বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার একটি প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপন করার জন্য কমিটি নির্দেশনা প্রদান করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে সার কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ এবং বিদ্যমান উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। একই সাথে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর আওতাধীন বিভিন্ন সার কারখানার উৎপাদন, উৎপাদন সক্ষমতা, গৃহীত নতুন প্রকল্পসমূহ, বন্ধ সার কারখানাগুলো পুনরায় চালু, গ্যাস সরবরাহ, কারখানা পরিচালনায় বিদ্যমান সমস্যা এবং সার উৎপাদনের ব্যয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
বৈঠকে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থাকে প্রকল্প বাস্তবায়নে গতি বৃদ্ধি, অর্থের যথাযথ ব্যবহার এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দ্রুত দূর করার সুপারিশ করা হয়।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের প্রতিটি কলকারখানার বাৎসরিক আয়-ব্যয়, জনবলের শুন্য পদ এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতির একটি প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়।
—জা. অর্থনীতি/এএইচএ