শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী। গুম ও খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তিনি নিজেই গুম-খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করেন স্পিকার।

শনিবার (১২ সেপ্টেম্বর) লালমোহনে নাগরিক সমাজ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের শেখ হাসিনা তাদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতেন। অথচ তিনি নিজেই জানতেন, গুম হওয়া ব্যক্তিরা কোথায় রয়েছেন। তার এসব আচরণ ছিল অভিনয়ের অংশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনায় সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপনের পর বিষয়টি জনগণের কাছে স্পষ্ট হয়েছে বলেও দাবি করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, একজন ব্যারিস্টারকে আট বছর হ্যান্ডকাফ পরিয়ে ‘আয়না ঘরে’ বন্দি রাখা হয়েছিল। শেখ হাসিনা দেশ ছাড়ার পর ওই ব্যারিস্টার মুক্ত হয়ে বর্তমানে সংসদ সদস্য হয়েছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা এবং একটি পর্দার দাম ৪২ হাজার টাকা দেখানো হয়েছিল।

লালমোহনের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে স্পিকার দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় এক এমপি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ২০১০ সালের উপনির্বাচনে তার নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগও করেন তিনি।

আগামীর বাংলাদেশে সন্ত্রাসের ধারাবাহিকতা চলতে দেওয়া হবে না উল্লেখ করে স্পিকার বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ স্বচ্ছতা, জবাবদিহিতা ও ইনসাফের নতুন পথে এগিয়ে যাবে। এ জন্য তিনি দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল।

জা.অর্থনীতি/এসআই