ফ্রান্সে হিজাব পরা ছবির কারণে তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের সরবোন বিশ্ববিদ্যালয়ে ইরাসমাস কর্মসূচির আওতায় পড়াশোনার সুযোগ পেয়েও হিজাব পরা ছবি জমা দেওয়ায় দীর্ঘমেয়াদি শিক্ষার্থী ভিসা পাননি তুরস্কের এক শিক্ষার্থী। তিনবার আবেদন করেও ভিসা না পাওয়ার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

তুরস্কের গালাতাসারায় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত বিষয়ে পড়াশোনা করা ওই শিক্ষার্থী সরবোন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য নির্বাচিত হওয়ার পাশাপাশি ইরাসমাসের বৃত্তিও পেয়েছিলেন। ফ্রান্সের অনুমোদিত ভিসা আবেদন কেন্দ্র ভিএফএস গ্লোবালের মাধ্যমে তিনি তিনবার আবেদন করেন। তবে প্রতিবারই তার আবেদন প্রত্যাখ্যাত হয়।

শিক্ষার্থীর দাবি, প্রথম আবেদনে ফ্রান্সে তার আবাসন ও পড়াশোনার ব্যবস্থা নিয়ে ‘নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে আবেদন বাতিল করা হয়। দ্বিতীয়বার একই সময়ে এক বন্ধুর সঙ্গে আবেদন করলেও বন্ধুর ভিসা হয়, তারটি প্রত্যাখ্যাত হয়। এরপর প্রত্যাখ্যানের সুনির্দিষ্ট কারণ জানতে তৃতীয়বার আবেদন করেন তিনি।

১৪ সেপ্টেম্বর ভিএফএস গ্লোবালের মাধ্যমে ফরাসি কনস্যুলেট জেনারেল থেকে ফেরত দেওয়া তার আবেদনপত্রে বলা হয়, ছবিতে মাথা খোলা থাকতে হবে। ওই শিক্ষার্থীর ভাষ্য, হিজাব পরা ছবির কারণে তাকে নতুন ছবি দিতে বলা হয়েছিল।

তিনি বলেন, হিজাব তার ধর্মীয় বিশ্বাসের অংশ এবং তা খুলে ছবি তোলা তার পক্ষে সম্ভব নয়। একই সময়ে হিজাব পরা ছবি দিয়ে কয়েকজন বন্ধু ফরাসি ভিসা পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

তিনবার ব্যর্থ হওয়ার পর আর আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছেন ওই শিক্ষার্থী। তবে ভবিষ্যতে শিক্ষার্থীদের যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়, সে জন্য ভিসা আবেদনের নিয়ম স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।

জা.অর্থনীতি/এসআই