পুঁজিবাজারের চেহারা এক বছরের মধ্যে বদলে যাবে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজার পুনরুজ্জীবিত ও সম্প্রসারণে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারের পরিবর্তিত চেহারা দেখা যাবে।

রবিবার (৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, পুঁজিবাজার শক্তিশালী করতে প্রাতিষ্ঠানিক সংস্কার, অটোমেশন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। তবে পরবর্তী সময়ে এসব উদ্যোগ প্রত্যাশিতভাবে এগোয়নি।

তিনি বলেন, পুঁজিবাজারের বর্তমান অবস্থা থেকে উত্তরণে বাস্তবভিত্তিক উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম প্রয়োজন। এ ক্ষেত্রে কিছু অংশীজনের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।

অর্থমন্ত্রী বলেন, উচ্চ সুদে ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ তৈরি করতে হবে। দীর্ঘমেয়াদি অর্থায়নে বন্ড মার্কেট, ডেরিভেটিভস, সিকিউরিটাইজেশন ও ইক্যুইটি মার্কেটের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, পুঁজিবাজার উন্নয়নে বিএসইসি একা কাজ করতে পারবে না। ব্যাংক, বীমা, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। স্বচ্ছতা, সুশাসন ও পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।

জা.অর্থনীতি/এসআই