টিউশনি ব্যবস্থায় অনিয়ম ও হয়রানি

নাসরিন আক্তার: রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোর বর্তমান চিত্র অনেক ক্ষেত্রেই হতাশাজনক। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পাশাপাশি নিজের ব্যক্তিগত ও পড়াশোনার খরচটুকু নিজে বহন করার ইচ্ছা অধিকাংশ শিক্ষার্থীরই থাকে। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের সবচেয়ে পছন্দের মাধ্যম টিউশন। এর মাধ্যমে যেমন কিছুটা অর্থ উপার্জন সম্ভব, তেমনি নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পায়। ফলে সাধারণ ও নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের কাছে টিউশনি শুধু একটি কর্ম নয় বরং আত্মনির্ভরশীল হওয়ার প্রথম পদক্ষেপ। উচ্চশিক্ষার খরচ সামলাতে গিয়ে পরিবারকে বাড়তি আর্থিক চাপে না ফেলা এবং নিজের পায়ে দাঁড়ানোর এই প্রয়াস একজন তরুণ শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গৌরবময় একটি অধ্যায়। কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের এই তীব্র আর্থিক প্রয়োজন ও চাহিদাকে কেন্দ্র করে গড়ে উঠেছে টিউশন মিডিয়া নামধারী এক শ্রেণির মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও চক্র। একজন শিক্ষার্থীকে টিউশন খুঁজে দেওয়ার বিনিময়ে তারা নির্দিষ্ট পরিমাণ কমিশন দাবি করে। নীতিগতভাবে এতে কোনো আপত্তি থাকার কথা নয়, কারণ শিক্ষার্থী যেমন অর্থের বিনিময়ে পড়ান, তেমনি মধ্যস্থতাকারীরাও তাদের সেবার বিনিময়ে আয় করতে পারেন। দুশ্চিন্তার বিষয় হলো, বর্তমানে শিক্ষার্থীদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হলো, কাজ শুরুর আগেই অগ্রিম টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার চাপ। অনেক ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে কথাবার্তা চূড়ান্ত হওয়ার পরও মিডিয়া থেকে দাবি করা হয় অগ্রিম কমিশন বা রেজিস্ট্রেশন ফি। প্রথম মাসের বেতন পাওয়ার পর টাকা পরিশোধের প্রস্তাব দিলে তা সরাসরি প্রত্যাখ্যান করা হয় এবং টাকা না দিলে টিউশন বাতিলের হুমকি দেওয়া হয়। অনলাইনে অচেনা কোনো মাধ্যমকে টিউশন শুরুর আগেই অগ্রিম অর্থ প্রদান করা সম্পূর্ণ অযৌক্তিক ও ঝুঁকিপূর্ণ। যেখানে শিক্ষার্থী এখনও পড়ানোই শুরু করেননি এবং কোনো বেতনও পাননি, সেখানে আগাম অর্থ দাবি করার কোনো নীতিগত বা যুক্তিসঙ্গত ভিত্তি থাকতে পারে না। টিউশনের নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে বায়োডাটা, জাতীয় পরিচয়পত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র এবং ক্লাসের সময়সূচির মতো অত্যন্ত স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। কিন্তু অর্থ পরিশোধের বিষয়টি সামনে এলেই সেটিকে প্রধান শর্ত বানিয়ে ফেলা হয়। অনেক ভুয়া টিউশন মিডিয়া অগ্রিম টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয় বা মোবাইল ফোন নম্বর ব্লক করে দেয়। ফলে একজন শিক্ষার্থী আর্থিক ক্ষতির পাশাপাশি চরম মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। প্রতারিত হওয়ার পর অনেক শিক্ষার্থী লজ্জায় বা আইনি জটিলতার ভয়ে কারও কাছে অভিযোগ জানাতেও পারেন না, যা চক্রগুলোকে আরও বেশি বেপরোয়া করে তোলে। 

আবার যেসব মিডিয়া শুরুতে টাকা নেয় না, তারাও প্রথম মাসের বেতনের একটি বড় অংশ সাধারণত ৫০ শতাংশ কমিশন হিসেবে গ্রহণ করে। এ টিকে মেনে নিলেও পরবর্তী সময়ে তৈরি হয় ভিন্নধর্মী প্রতারণা। কমিশন পাওয়ার কিছুদিন পরই অনেক মিডিয়া অভিভাবককে নতুন ও তথাকথিত ভালো শিক্ষকের প্রলোভনে আগের শিক্ষককে বাদ দেওয়ার ব্যবস্থা করে। ফলে মাত্র এক-দুই মাসের মধ্যেই শিক্ষার্থী তার টিউশনটি হারান এবং ওই মিডিয়া নতুন শিক্ষকের কাছ থেকে পুনরায় কমিশন আদায়ের অনৈতিক সুযোগ পায়। এই কমিশন চক্রের বলি হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এটি কেবল একতরফা শোষণ নয়, বরং প্রাতিষ্ঠানিক প্রতারণারই একটি ভিন্ন রূপ। এখানে অনুধাবন করা প্রয়োজন, একজন শিক্ষার্থীর টিউশন পাওয়ার পেছনে শুধু অর্থই ব্যয় করেন না; তার মূল্যবান সময়, শ্রম ও প্রত্যাশাও এর সঙ্গে জড়িয়ে থাকে। ক্লাস বা পরীক্ষার ব্যস্ততার মাঝে সময় মেলানো এবং যাতায়াতের ঝুঁকি সামলানোর পর যখন এমন অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়, তখন তার ক্ষতিটা আর শুধু আর্থিক থাকে না, বরং তা মানসিক স্বাস্থ্যেও বড় আঘাত হানে। শিক্ষার্থীদের সংগৃহীত ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা, অগ্রিম টাকা আদায়ের নামে প্রতারণা বন্ধ করা এবং কৌশলে শিক্ষার্থী সরিয়ে দেওয়ার এই অন্যায্য চর্চার বিরুদ্ধে এখনই প্রশাসনিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত এসব এজেন্সির বৈধতা যাচাই করে একটি তালিকা তৈরি করা। টিউশন মিডিয়ার উপস্থিতি বা তাদের যৌক্তিক পারিশ্রমিক পাওয়াকে অস্বীকার করা হচ্ছে না। এখন সময়ের দাবি যেখানে শিক্ষার্থী যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন, অভিভাবক পাবেন উপযুক্ত শিক্ষক এবং মধ্যস্থতাকারী পাবেন তাদের ন্যায্য পারিশ্রমিক। 

শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ইডেন ক্যাম্পাস