শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় লিলল ৮০টি স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।  

রোববার (৪ অক্টোবর) সকালে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক), কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও অপর কর্মী মো. মিজান।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো বের করে নিয়ে যাওয়ার সময় ওই দুই কর্মীকে হাতেনাতে আটক করেন যৌথ অভিযানে অংশ নেওয়া সদস্যরা। 

ফ্লাইটটি এমিরেটসের ইকে-৫৮২ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; তবে ফ্লাইট নম্বরটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধারকৃত ৮০টি স্বর্ণের বারের প্রতিটির ওজন প্রায় ১১৭ গ্রাম।  স্বর্ণের মোট ওজন প্রায় ৯.৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। 

বিমানকর্মীদের জুতায় স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের অভিনব কৌশল—কারা জড়িত, কোথা থেকে এলো এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

—জা. অর্থনীতি/এএইচএ