নবীনগরে পূর্ব বিরোধের জেরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
ছবি: জাতীয় অর্থনীতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ফুল মিয়া (৬০) ও উম্মে হানি (২২) নামের দুইজন আহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

আহত ফুল মিয়া চরলাপাং গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে ও উম্মে হানি একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, চরলাপাং গ্রামের একটি সড়ক নির্মাণের সময় ওই গ্রামের অহিদ মিয়া বাধা দেওয়ায় গ্রামবাসীর সাথে তার বিরোধ চলে আসছিল। সম্প্রতি সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হয়। সড়কটি নির্মাণের পর গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় হাল চাষ দেওয়ার জন্য একটি ট্রাক্টর কেনেন। এতে বিরোধ আরও বাড়ে। ট্রাক্টর ভাড়া ব্যবসায় একক আধিপত্য নষ্ট হবার শঙ্কায় অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল মিয়া ক্ষুব্ধ হয়।

ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

এ নিয়ে গেল কয়েকদিন ধরে ট্রাক্টর ব্যবসাকে কেন্দ্র করে অহিদ মিয়া ও মুসলেম মিয়ার পক্ষের মধ্যেে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুর উপজেলার মির্জারচর গ্রাম থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে চরলাপাং গ্রামে হামলা চালায়। এ সময় ফুল মিয়া ও উম্মে হানি নামের ২ জন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ ও  হাসপাতালে পাঠানো হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী জানান, আধিপত্য বিস্তার নিয়ে গুলাগুলির খবর পেয়েছি। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। খোঁজ-খবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

—জা.অর্থনীতি/এনজে