ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দেশের সবকটি সার কারখানার উৎপাদন চালুর মাধ্যমে ইউরিয়া সার আমদানি বাবদ ২২ হাজার কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তিনি বলেন, দেশের সবগুলো সারকারখানা সচল করতে কাজ করছে বিসিআইসি। কারণ আমরাদের ২৬-২৭ লক্ষ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করতে হয়। আমাদের কারখানাগুলো যদি সচল থাকে, আমরা যদি কারখানাগুলোতে গ্যাস সরবরাহ পাই, তাহলে আমরা দেশের চাহিদার পরিমাণ উৎপাদন করেও রপ্তানি করার সক্ষমতা রাখি।
তিনি আরও বলেন, আমাদের মূল সমস্যা হচ্ছে গ্যাসের সংকট। তবে গ্যাস সরবরাহ নিশ্চিত করে আমাদের কারখানাগুলো চালু করতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। কারখানাগুলো চালু করতে পারলে আমাদের আর সার আমদানি করতে হবে না।
এ সময় তিনি, গ্যাস সংকটে গত বছরের ১ মার্চ থেকে বন্ধ থাকা আশুগঞ্জ সার কারখানা চলতি বছরই গ্যাস সরবরাহের মাধ্যমে উৎপাদন শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালকসহ কারখানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—জা.অর্থনীতি/এনজে