অনলাইন ডেস্ক: বিশ্বে মানুষের মৃত্যুর প্রধান কারণগুলোর একটি বড় অংশই বিভিন্ন অসুস্থতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক প্রতিবেদনে ২০২৩ সালের বৈশ্বিক মৃত্যুর কারণ ও অসুস্থতার চিত্র তুলে ধরা হয়েছে। এতে বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান ১০টি কারণ উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর প্রধান কারণের তালিকায় রয়েছে হৃদ্রোগ, স্ট্রোক, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের রোগ, ফুসফুস ও নিম্ন শ্বাসনালীর সংক্রমণ, স্মৃতিভ্রম, ডায়াবেটিস, শ্বাসনালী ও ফুসফুসের ক্যানসার, উচ্চ রক্তচাপজনিত হৃদ্রোগ, কিডনির রোগ এবং ডায়রিয়াজনিত রোগ।
এ ছাড়া মৃত্যুর আগে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়া, কর্মক্ষমতা হারানো কিংবা দীর্ঘ সময় অসুস্থ থাকার পেছনেও বিভিন্ন রোগ ও দুর্ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে ডব্লিউএইচওর তালিকায় রয়েছে হৃদ্রোগ, স্ট্রোক, ফুসফুস ও নিম্ন শ্বাসনালীর সংক্রমণ, সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের শারীরিক জটিলতা, ডায়াবেটিস, কোমর ও ঘাড়ের ব্যথা, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের রোগ, পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনাজনিত আঘাত এবং ডায়রিয়াজনিত রোগ।
ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী গড় আয়ু ছিল ৭৩ দশমিক ৩ বছর। ওই বছর বিশ্বজুড়ে ৯৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
জা.অর্থনীতি/এসআই