মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মুখোশসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সকালে জোরারগঞ্জ থানা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আটকের বিষয়টি নিশ্চিত করেন থানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা এলাকার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের নয়টিলা মাজারের নিকটবর্তী জঙ্গল থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের রহমতপুর গ্রামের আনোয়ার হোসেন (২৩), ফেনী সদর থানার ফাজিলপুর ইউনিয়নের রাজনগর গ্রামের বেলায়েত হোসেন (৩০) এবং জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের সামনেখিল গ্রামের মো. আলাউদ্দিন ওরফে মামুন (৩৬)।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, সাম্প্রতিক সময়ে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নয়াটিলা ও কয়লা বাজারের মধ্যবর্তী পাহাড়ি ও নির্জন এলাকায় সড়ক ডাকাতি বৃদ্ধি পেয়েছিল। যাত্রী ও যানবাহন চালকদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত রাতে বিশেষ টহল ও ডাকাতবিরোধী অভিযান পরিচালনা করছিল পুলিশ।
ঘটনার বিবরণ দিয়ে তিনি আরও জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপ-পরিদর্শক (এসআই) মো. আকরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সড়কের পাশে বনের ভেতর ১৪-১৫ জনের একটি সশস্ত্রে সজ্জিত মুখোশধারী ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। উপস্থিতি টের পেয়ে পুলিশ ঘেরাও করলে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা রামদা ও ছুরি সহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলটির বাকি ১০-১২ জন সহযোগী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হচ্ছে। একই সাথে ঘটনায় জড়িত পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি
