মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে পৃথক অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান এবং জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে মৌলভীবাজার শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ফজলে রাব্বি সাদমান মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের কনিষ্ঠ ছেলে। অন্যদিকে, অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন মৌলভীবাজার জেলা যুবলীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা এবং সহিংসতা সংক্রান্ত একাধিক মামলায় অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন এজাহারভুক্ত আসামি। অপরদিকে, শহরে বিভিন্ন সময়ে নানা রাজনৈতিক সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে সম্পৃক্ততার সুনির্দিষ্ট মামলায় সাবেক এমপির ছেলে সাদমানকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাদমানের বাবা সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ আত্মগোপনে রয়েছেন।
ওসি জানান, পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোতে গ্রেফতার দেখিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
—জা. অর্থনীতি/এলএটি
