চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বাংলাবাজার এলাকায় রেলওয়ে ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত ট্রেনের বগিতে আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের দ্রুত ও সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টা ৪৭ মিনিটের দিকে নগরের বাংলাবাজার এলাকায় রেলওয়ের ইয়ার্ডে রাখা পরিত্যক্ত বগিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিত্যক্ত বগিটি থেকে হঠাৎ কালো ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের শিখা বের হতে দেখেন স্থানীরা। মুহূর্তের মধ্যে আগুন বগির ভেতরে ছড়িয়ে পড়ে। স্থানীরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পর নিকটস্থ দুটি ফায়ার স্টেশনের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কর্মীদের প্রায় ২৬ মিনিটের দূরদর্শী চেষ্টায় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর ফলে আশেপাশের অন্যান্য বগি ও রেলওয়ে সম্পদ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে পরিত্যক্ত বগিটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। তবে শর্ট সার্কিট নাকি অসাবধানতাবশত আড্ডাধারীদের কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস।
—জা. অর্থনীতি/এলএটি