বরিশালে সরবারাহ বেড়ে কমতে শুরু করেছে ইলিশের দাম
ছবি: জাতীয় অর্থনীতি

অনলাইন ডেস্ক: আগে যেখানে দিনে ৭৫ মণ ইলিশ আসতো, এখন তা দাঁড়িয়েছে ১৬০ মণে। এক সপ্তাহের ব্যবধানে বরিশালের মোকামগুলোতে ইলিশ এসেছে প্রায় দ্বিগুণ। সরবারাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। 

পাইকারি ও খুচরা- দুই বাজারেই দাম কমেছে লক্ষণীয়ভাবে। কেজিতে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত দাম কমেছে! পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ ১৫ থেকে ২০ হাজার টাকা।

জেলে ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরে নদীতে আগের চেয়ে অনেক বেশি ইলিশ ধরা পড়ছে। এতে দাম কিছুটা কমেছে। আগামীতে আরও কিছুটা কমতে পারে বলেও জানান তারা।

তবে সাধারণ ত্রেতাদের দাবি, দাম কিছুটা কমলেও এখনো তা নাগালের বাইরে। 

বরিশাল জেলা মৎস্য বিভাগ জানায়, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। এ সময় সমুদ্র থেকে প্রচুর ইলিশ আসে। এতে ইলিশের প্রাপ্যতা আরও বাড়বে।

জেলেরা বলছেন, ইলিশের পেটে এখনও ডিম আসেনি। গত বছরের মতো অক্টোবরের শেষ দিকে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ার দাবি তাদের।  

 

—জা. অর্থনীতি/এলএটি