বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে তালা খুলে ভেতরে প্রবেশ করে খাটের ওপর হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পায় পুলিশ।
নিহত আমেনা খানম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন। গত প্রায় এক বছর ধরে তিনি ওই বাসার দ্বিতীয় তলায় একাই বসবাস করছিলেন।
চলন্ত বাসে জন্ম, আজীবন ফ্রি যাতায়াতের সুবিধা পেল শিশু
স্থানীয় বাসিন্দা ও বাড়ির মালিক রিনা বেগম জানান, বুধবার রাতে পাশের ভাড়াটিয়ার কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি আমেনা খানমের ছেলেকে জানানো হয়। তার ছেলে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, আমেনা খানমের ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পায় পুলিশ। পরে তালা খুলে ঘরে প্রবেশ করে খাটের ওপর কাপড় দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় আমেনা খানমের মরদেহ পাওয়া যায়।
তিনি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
—জা. অর্থনীতি/এনজে