স্পোর্টস ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই নেশনস লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে পর্তুগাল। উলেভাল স্টেডিয়ামে আর্লিং হালান্ড গোল করেও নরওয়েকে হার থেকে বাঁচাতে পারেননি। ২-১ ব্যবধানের এই জয়ে গ্রুপ এ৪-এর শীর্ষে উঠেছে পর্তুগাল।
ম্যাচের ১৭ মিনিটে পেদ্রো নেতোর কাটব্যাক থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও দিয়োগো কস্তার দৃঢ়তায় সমতায় ফিরতে পারেনি নরওয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য হালান্ডের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৫১ মিনিটে মার্টিন ওডেগরের ফ্রি-কিকে পর্তুগালের গোলরক্ষক কস্তার ভুলের সুযোগ নিয়ে প্যাট্রিক বার্গ বল বাড়িয়ে দেন হালান্ডকে। সেখান থেকে গোল করেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
তবে সমতার তিন মিনিট পরই আবার পিছিয়ে পড়ে নরওয়ে। গোলরক্ষক অরজান নিল্যান্ডের ভুল পাস কেটে বল নিয়ে তাকে এগিয়ে আসতে দেখে মাথার ওপর দিয়ে বল তুলে জয়সূচক গোল করেন গনসালো রামোস।
শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দিয়োগো কস্তা, ম্যাচে পাঁচটি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি।
জাতীয় দলের হয়ে শেষ ১১ ম্যাচে শুরুর একাদশে থাকা ম্যাচগুলোতে ফেলিক্সের গোলসংখ্যা এখন ছয়। অন্যদিকে নরওয়ে ও ম্যানচেস্টার সিটির হয়ে প্রতিযোগিতামূলক শেষ ১৪ ম্যাচের ১১টিতেই গোল করেছেন হালান্ড, মোট ১৭টি।
—জা. অর্থনীতি/এএইচএ